অ্যাসিড আক্রান্তদের জন্য সরকারি চাকরি বাধ্যতামূলক! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের পুনর্বাসনে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যে, অ্যাসিড আক্রান্তদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। কেবল নির্দেশ দেওয়াই নয়, এই বিষয়ে নির্দিষ্ট নীতি বা পলিসি তৈরির জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি কোনো বিশেষ কারণে বা যাতায়াতের সমস্যার দরুন আক্রান্ত ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না হয়, তবে তাঁকে প্রতি মাসে সরকারি চাকরির সমতুল্য ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারগুলি কেন এ বিষয়ে এতদিন নিষ্ক্রিয় ছিল, তা নিয়ে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছে আদালত।

উল্লেখ্য, শাহিন মালিক নামের এক অ্যাসিড আক্রান্ত নারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানায়, অ্যাসিড হামলার সাজা আরও কঠোর হওয়া প্রয়োজন। প্রয়োজনে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তুলতে হবে এবং সেই টাকা থেকে আক্রান্তকে আর্থিক সহায়তা দিতে হবে। সোমবারের এই রায়কে অ্যাসিড সারভাইভারদের দীর্ঘ লড়াইয়ের বড় জয় হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।