এবার ChatGPT-তে মিলবে ১৮+ কনটেন্ট! ওপেনএআই-এর নতুন ‘অ্যাডাল্ট মোড’ নিয়ে তোলপাড় বিশ্ব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর দুনিয়ায় এক বৈপ্লবিক এবং বিতর্কিত পদক্ষেপ নিতে চলেছে ওপেনএআই (OpenAI)। এবার তাদের জনপ্রিয় চ্যাটবট ChatGPT-তে চালু হতে চলেছে ‘অ্যাডাল্ট মোড’ (Adult Mode)। এই বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ১৮+ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট সার্চ করতে এবং কথাবার্তা চালাতে পারবেন, যা বর্তমানে সাধারণ চ্যাটবটে নিষিদ্ধ বা সেন্সরড থাকে।

সংস্থা সূত্রে খবর, গত বছর অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর মাসেই সিইও স্যাম অল্টম্যান কর্মীদের জানিয়েছিলেন যে, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে একটি ডেডিকেটেড ফিচার আনা হবে। প্রাথমিকভাবে এটি গত ডিসেম্বরে লঞ্চ করার কথা থাকলেও কারিগরি ও নীতিগত কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Axios’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওপেনএআই-এর মুখপাত্র জানিয়েছেন, অ্যাডাল্ট মোডটি পুরোপুরি তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। কারণ হিসেবে তিনি জানান, সাধারণ চ্যাটবটের তুলনায় এই মোডের কার্যকারিতা এবং সুরক্ষা বলয় সম্পূর্ণ আলাদা হবে। সংস্থার দাবি, “প্রাপ্তবয়স্কদের তাঁদের মতো করেই ট্রিট করা প্রয়োজন, তবে সঠিক অভিজ্ঞতার জন্য আমরা তাড়াহুড়ো করতে চাই না।”

এই পদক্ষেপের নেপথ্যে অন্য একটি কারণও দেখছেন বিশেষজ্ঞরা। ২০২৫ সালের শেষ দিকে স্যাম অল্টম্যান তাঁর কর্মীদের ‘কোড রেড’ (Code Red) সতর্কবার্তা পাঠিয়েছিলেন। জানা গিয়েছিল, গুগলের এআই ‘জেমিনাই’-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কাছে প্রবল চাপের মুখে পড়েছে চ্যাটজিপিটি। ইউজার ধরে রাখতে এবং পরিষেবাকে আরও পার্সোনালাইজড করতে অল্টম্যান কর্মীদের অতি-সক্রিয় হওয়ার নির্দেশ দেন। সম্ভবত সেই প্রতিযোগিতায় টিকে থাকতেই এবার ‘বোল্ড’ পথে হাঁটছে ওপেনএআই। তবে এই ফিচারটি ঠিক কবে থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে, তা এখনও খোলসা করেনি সংস্থাটি।