পয়লা বৈশাখের পরেই ভোট! শুভেন্দুর ‘ডেডলাইন’ ঘোষণায় তোলপাড় বঙ্গ রাজনীতি

রাজ্যে পা রেখেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আর তার মধ্যেই ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচন পয়লা বৈশাখের পর যে কোনও দিন হতে পারে। এখানেই থামেননি তিনি, শাসক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “তৃণমূল সরকারের হাতে আর মাত্র ৬ সপ্তাহ সময় আছে।” তাঁর মতে, কয়েক দিনের মধ্যেই নির্বাচনের সরকারি নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবে।

শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের মানুষের কাছে জোটবদ্ধ হয়ে ভোট দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।” তৃণমূল সরকারকে ‘সংবিধান বিরোধী’ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন যে, রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরেছে এবং মুসলিম সম্প্রদায় এখন তৃণমূলের বদলে হুমায়ুন কবীরের মতো নেতাদের পাশে দাঁড়াচ্ছে। এমনকি হিন্দুরাও গ্রামেগঞ্জে এবং কলকাতায় জোট বাঁধতে শুরু করেছে বলে তিনি দাবি করেন। শুভেন্দুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তাঁকে কটাক্ষ করে বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির কথা মতোই চলছে।” বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল রাজ্যে প্রস্তুতি খতিয়ে দেখছে, যার পরেই চূড়ান্ত দিনক্ষণ স্পষ্ট হবে।