সুচিত্রা সেনের শাড়ি পরেন না রাইমা! দিদার অমূল্য স্মৃতি নিয়ে কেন এমন ভয় নাতনির?

টলিউডের ‘বং বিউটি’ রাইমা সেন বরাবরই তাঁর আভিজাত্য এবং স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত। সম্প্রতি একটি ছবির প্রচার অনুষ্ঠানে শাড়িতে সেজে এসে সকলের নজর কাড়েন তিনি। তবে সেই অনুষ্ঠানেই নিজের ব্যক্তিগত ফ্যাশন এবং দিদা সুচিত্রা সেনের স্মৃতি নিয়ে এক অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। রাইমাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কার শাড়ি পরেছেন? উত্তরে রাইমা সোজাসাপ্টা জানান, তিনি বরাবরই মা মুনমুন সেনের কালেকশন থেকে শাড়ি বেছে নিতে ভালোবাসেন।

রাইমার কথায়, “আমি বেশিরভাগ সময়ে মায়ের শাড়িই পরি। মায়ের কাছে সব ধরনের এবং বিভিন্ন সময়ের অসাধারণ সব শাড়ির কালেকশন আছে। সঙ্গে মানানসই গয়নাও পাওয়া যায়। তাই বিশেষ প্রয়োজনে মায়ের কাছেই হাত পাতি।” তিনি আরও যোগ করেন যে, মুনমুন সেন অত্যন্ত যত্ন সহকারে তাঁর দুই মেয়ে রিয়া এবং রাইমাকে নিজের প্রিয় শাড়িগুলো পরতে দেন।

তবে কৌতূহল দানা বাঁধে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় মহানায়িকা সুচিত্রা সেনের শাড়ি নিয়ে। বাঙালি দর্শকদের কাছে সুচিত্রা সেন মানেই এক অন্য আবেগ। রাইমা কি সেই কিংবদন্তি দিদার শাড়ি পরেন? উত্তরে রাইমা জানান, তিনি দিদার শাড়ি ছুঁয়েও দেখেন না পরার জন্য। এর কারণ হিসেবে তিনি এক অদ্ভুত ভয়ের কথা জানান। রাইমা বলেন, “দিদার শাড়িগুলো অনেক পুরনো। পরতে গিয়ে যদি কোনোভাবে ছিঁড়ে যায়, সেই ভয়েই আমি ওগুলো গায়ে তুলি না। তবে সবকটি শাড়ি অত্যন্ত যত্ন করে আলাদাভাবে রাখা আছে।”

কাজের প্রসঙ্গে ফিরলে দেখা যাচ্ছে, রাইমা এখন খুব বেছে কাজ করছেন। চলতি বছরের মে মাসে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এডওয়ার্ড ও ফুল পিসি’ ছবিতে তাঁকে দেখা যাবে। এরপর এ বছর আর কোনো বাংলা ছবিতে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আপাতত হিন্দি ওয়েব সিরিজ ও অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও, দিদার স্মৃতি আগলে রাখার এই স্বীকারোক্তি অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।