একঘেয়ে সয়াবিন ছেড়ে এবার ট্রাই করুন ‘দই-মশলা সয়া কারি’, স্বাদ হার মানাবে পনিরকেও!

বাড়িতে নিরামিষ মানেই পনির বা আলুর দমের চিন্তা? এবার সেই একঘেয়েমি কাটাতে ট্রাই করুন সয়াবিনের এই বিশেষ রেসিপি। খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এটি তৈরি করা সম্ভব।

উপকরণ:

সয়াবড়ি: ২০-২৫টি

টক দই: ২ টেবিল চামচ

গোটা গোলমরিচ: ৮-১০টি

শুকনো লঙ্কা: ৩-৪টি

আদা ও রসুন: সামান্য (১ গাঁট আদা ও ৫-৬ কোয়া রসুন)

গুঁড়ো মশলা: হলুদ, ধনে, গরম মশলা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (আধা চামচ করে)

তেল ও নুন: পরিমাণমতো

সাজানোর জন্য: ধনেপাতাকুচি ও সরু করে কাটা পেঁয়াজ (অপশনাল)

প্রস্তুত প্রণালী:
প্রথমে সয়াবড়িগুলো গরম জলে ভিজিয়ে নরম করে নিন এবং জল চিপে তুলে রাখুন। এবার একটি ব্লেন্ডারে দই, গোলমরিচ, শুকনো লঙ্কা, আদা, রসুন এবং সব গুঁড়ো মশলা দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে নুন-হলুদ মাখানো সয়াবড়িগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই মশলার পেস্টটি দিয়ে ভালো করে কষান। মশলা থেকে তেল ছাড়লে ভাজা সয়াবড়িগুলো দিয়ে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে মাখা মাখা হলে ওপর থেকে ধনেপাতা ও পেঁয়াজকুচি ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে সামান্য ফ্রেশ ক্রিম দিতে পারেন।