মালদাবাসীর পোয়াবারো! সামসী স্টেশনে বড় উপহার রেলের, কামরূপ এক্সপ্রেসের স্টপেজ নিয়ে খুশির হাওয়া!

মালদা জেলার রেলযাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ করল ভারতীয় রেল। পূর্ব রেলের কাটিহার ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস মালদা জেলার সামসী রেল স্টেশনেও স্টপেজ দেবে। রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে উত্তর মালদার বিস্তীর্ণ এলাকায়। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এতদিন কামরূপ এক্সপ্রেস মালদা টাউন এবং হরিশ্চন্দ্রপুর স্টেশনে থামলেও, মাঝপথে সামসী স্টেশনে কোনও স্টপেজ ছিল না। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের দূরপাল্লার এই ট্রেন ধরতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কলকাতা বা অসমগামী যাত্রীদের জন্য এটি একটি বড় সমস্যা ছিল। কাটিহার রেল ডিভিশনের এই নতুন সিদ্ধান্তে যাতায়াত ব্যবস্থা আরও সুগম ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রের খবর অনুযায়ী, ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দু’দিন, অর্থাৎ সোমবার এবং শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে সামসী স্টেশনে পৌঁছাবে। দু’মিনিট বিরতির পর রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে পরের দিন ভোর ৪টা ৪০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। অন্যদিকে, ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস সপ্তাহে দু’দিন—মঙ্গলবার এবং শনিবার মাঝরাত ২টো ৩ মিনিটে সামসী স্টেশনে এসে পৌঁছাবে এবং ২টো ৫ মিনিটে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি ডিব্রুগড় পৌঁছাবে রাত ১০টায়। স্থানীয় বাসিন্দাদের মতে, এই নতুন স্টপেজের ফলে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে এক নতুন দিগন্ত খুলে যাবে।