দেব-কোয়েল জুটি ফিরছে নাকি? যে কথা জানালেন টলিউড অভিনেতা দেব

টলিপাড়ায় এখন শুধু একটাই গুঞ্জন— কবে ফিরবে সেই পুরনো ‘পাগলু’ ম্যাজিক? দেব-শুভশ্রী একফ্রেমে ধরা দিয়েছেন, দেব-রুক্মিণী জুটিও পর্দায় ফেরার অপেক্ষায়। কিন্তু দর্শকদের মনের মণিকোঠায় থাকা দেব-কোয়েল জুটির কী হবে? দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে অবশেষে মিলল সুখবর। স্বয়ং সুপারস্টার দেবই ইঙ্গিত দিলেন, কোয়েল মল্লিকের সঙ্গে তাঁর জুটির কামব্যাক এখন স্রেফ সময়ের অপেক্ষা!

আট বছরের দীর্ঘ বিরতি ও দর্শকদের দাবি

২০১৭ সালে ‘ককপিট’ ছবিতে শেষবার এই পাওয়ার কাপলকে একসঙ্গে দেখেছিল টলিউড। ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’ থেকে শুরু করে ‘রংবাজ’— বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে এই জুটি। বাস্তব জীবনেও দেব এবং কোয়েল অত্যন্ত ভালো বন্ধু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মহড়ায় তাঁদের একসঙ্গে নাচতে দেখে ভক্তদের দাবি আরও জোরালো হয়।

দেব-এর সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য

নিজের আগামী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে শুভশ্রী ও রুক্মিণীর সঙ্গে কাজের কথা উঠতেই সাংবাদিকরা প্রশ্ন ছোঁড়েন— “দেব-কোয়েল কবে ফিরছে?” বিন্দুমাত্র দেরি না করে দেবের সপাটে জবাব, “তিনটেই হচ্ছে!” অর্থাৎ শুভশ্রী এবং রুক্মিণীর পাশাপাশি কোয়েলের সঙ্গেও প্রজেক্ট পাইপলাইনে রয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন অভিনেতা।

রুক্মিণীর সঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

আপাতত দেব ব্যস্ত তাঁর বাস্তব জীবনের প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নিয়ে। দেবের কথায়, এটি কোনও সাধারণ বাণিজ্যিক মশলাদার ছবি নয়, বরং এই ছবিতে পাওয়া যাবে ‘মাটির গন্ধ’। সেই সঙ্গে দেখা যাবে টলিউডের অনেক বর্ষীয়ান শিল্পীদেরও।

পুজোয় দেব-শুভশ্রী ম্যাজিক

কোয়েল ফেরার আগেই এই বছর পুজোয় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি। গত বছর ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই তাঁদের রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। সব মিলিয়ে দেবের ঝুলিতে এখন শুধু নায়িকাদের মেলা! তবে কোয়েলের সঙ্গে কামব্যাক যে সব রেকর্ড ওলটপালট করে দেবে, তা বলাই বাহুল্য।