ভোটের আগে হাইভোল্টেজ ড্রামা! কমিশনের মুখোমুখি তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজীব কুমার, শুরু কাউন্টডাউন?

বাংলার বিধানসভা ভোটের বাদ্যি বাজল বলে! এসআইআর পর্ব মিটলেও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এবং ভোটের দিনক্ষণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার। সোমবার সকালে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির যে মেগা বৈঠক শুরু হয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন এই ডিজি।
বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমারের এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে তাঁকে দেখা গেলেও, দলীয় প্রতিনিধি হিসেবে সরাসরি কমিশনের মুখোমুখি হওয়া এই প্রথম। রাজীবের পাশাপাশি এই দলে রয়েছেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং সাপ্লিমেন্টারি তালিকার প্রকাশ নিয়ে তাঁরা যে কমিশনকে কড়া প্রশ্নের মুখে ফেলবেন, তা বলাই বাহুল্য।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সেরে দুপুর ১টা নাগাদ বসবেন জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং কমিশনারদের নিয়ে। মঙ্গলবার ১০ মার্চ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং আইনশৃঙ্খলা নিয়ে হবে চূড়ান্ত পর্যালোচনা। ওই দিনই মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠকের পাশাপাশি নজিরবিহীনভাবে বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গেও কথা বলবেন কমিশনার। মঙ্গলবার বিকেল ৪টেয় দিল্লি ফিরে যাওয়ার আগেই কি মিলবে সাপ্লিমেন্টারি তালিকার খবর? নাকি আজই নিশ্চিত হবে ২০২৬-এর ভোট নির্ঘণ্ট? নজর এখন সেদিকেই।