আমেদাবাদে কিউয়ি বধ! ফাইনালে ২৫৫ রানের পাহাড় গড়ল ভারত, অভিষেক-সঞ্জু ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড!

আমেদাবাদ: ২০২৪-এর স্মৃতি ফিরিয়ে আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সিংহাসন দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেগা ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ল সূর্যকুমার যাদবের দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৫৫ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোর।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় ওপেনাররা। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন জুটির তাণ্ডবে পাওয়ার প্লে-তেই ৯২ রান তুলে ফেলে ভারত। অভিষেক মাত্র ১৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, সঞ্জু স্যামসন যেন গত ম্যাচের ফর্মই বহন করছিলেন। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে তিনি বিরাট কোহলির ২০১৪ সালের রেকর্ড স্পর্শ করেন। তবে আক্ষেপ একটাই, সেমিফাইনালের মতো ফাইনালেও ৮৯ রানে (৪৬ বল) আউট হয়ে শতরান হাতছাড়া করেন সঞ্জু। জিমি নিশামের বলে আউট হওয়ার আগে তিনি কিউয়ি বোলারদের কার্যত পাড়ার স্তরে নামিয়ে এনেছিলেন।
মাঝের ওভারে ইশান কিষানও যোগ্য সঙ্গ দেন। ২৪ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ভারতের ২০০ রানের গণ্ডি পার করে দেন। যদিও এক সময়ে জিমি নিশাম একই ওভারে সঞ্জু, ঈশান ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। অধিনায়ক সূর্য আজ প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন। কিন্তু শেষবেলায় শিবম দুবে ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ভারতকে ২৫৫ রানে পৌঁছে দেন। শেষ ওভারে আসে ২৪ রান। এখন কিউয়ি ব্যাটারদের সামনে ২৫৬ রানের লক্ষ্য। বুমরাহ-অর্শদীপদের হাতে কাপ জয়ের চাবিকাঠি।