আমেদাবাদে ‘অপয়া’ তকমা মোছার লড়াই! মেগা ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে দুই পক্ষই!

প্রতীক্ষার অবসান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখন হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে চলেছে বিশ্বজয়ের মহাযুদ্ধ। টসে অবশ্য ভাগ্য সহায় হলো না ভারতের। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে হচ্ছে।

সেমিফাইনালের মতো ফাইনালেও টস হারল ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের, তাই আমেদাবাদকে কিছুটা ‘অপয়া’ হিসেবেই দেখা হয়। তবে আজ সেই ইতিহাস বদলে নতুন সূর্যোদয়ের লক্ষ্য নিয়ে নামছে ভারত। ভারতীয় দলে কোনো পরিবর্তন নেই। কিউয়ি একাদশও অপরিবর্তিত। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও ঈশান কিষাণ কেমন শুরু দেন, তার ওপরেই নির্ভর করবে ভারতের বড় স্কোরের স্বপ্ন। গ্যালারি কানায় কানায় পূর্ণ, এখন শুধু বাইশ গজে বল গড়ানোর অপেক্ষা।