টানটান উত্তেজনায় টি-২০ বিশ্বকাপ ফাইনাল! ইতিহাস গড়ার পথে সূর্যকুমাররা, আমেদাবাদে কী হবে ব্লু-প্রিন্ট?

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখন জনসমুদ্র। টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেও, তাতে বিন্দুমাত্র বিচলিত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং উল্টো আত্মবিশ্বাস ঝরে পড়ল তাঁর গলায়। সূর্য সাফ জানালেন, “প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমি খুশি। আমরা এখন দারুণ ছন্দে ব্যাট করছি। বড় ম্যাচে প্রথমে বোর্ডে রান তুলে নেওয়া সবসময় সুবিধাজনক।”
টসের সময় কানায় কানায় পূর্ণ গ্যালারি দেখে উচ্ছ্বসিত স্কাই। তিনি বলেন, “গ্যালারি দেখে মনে হচ্ছে পূর্ণ হয়ে গিয়েছে। আশা করি আমরা দর্শকদের কাঙ্ক্ষিত আনন্দ দিতে পারব।” নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার অবশ্য ভারতকে অল্প রানে আটকে রেখে রান তাড়া করার ছক কষছেন। পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে টি-২০ বিশ্বকাপের নক-আউটে পরে ব্যাটিং করা দলই বেশি জিতেছে (১৪টির মধ্যে ১১টি)। কিন্তু মজার বিষয় হলো, যে তিনবার প্রথমে ব্যাট করে দল জিতেছে, প্রতিবারই সেই দলের নাম ছিল ‘ভারত’। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারও সেই একই ধারায় টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলতে মরিয়া। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে সূর্যবাহিনী, লক্ষ্য একটাই— বড় স্কোর গড়ে কিউয়িদের চাপে ফেলা।