স্কুল নাকি স্পা? ছাত্রীদের দিয়ে শরীর মালিশ করাচ্ছেন ম্যাডাম! সত্য নাকি এআই-এর কারসাজি?

উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার এক সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষার নামে যা চলল, তাতে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভরা ক্লাসরুমে যেখানে ছাত্রীদের হাতে বই থাকার কথা, সেখানে তারা ব্যস্ত প্রধান শিক্ষিকার পিঠ ও গা ম্যাসাজ করে দিতে! সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মেঝেতে শুয়ে আরাম করছেন প্রধান শিক্ষিকা, আর তাঁর নির্দেশ মেনে একদল ছাত্রী পড়াশোনা শিকেয় তুলে তাঁর পিঠ টিপে দিচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসেছে বেসিক শিক্ষা অধিকারীর (বিএসএ) দপ্তর। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্ড হওয়ার পরেই অভিযুক্ত শিক্ষিকা দাবি করেছেন, ভিডিওটি নাকি ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে তাকে ফাঁসানোর জন্য। যদিও শিক্ষা দপ্তর এই সাফাইয়ে সন্তুষ্ট নয় এবং স্কুলের সামগ্রিক পরিকাঠামো নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

এর আগে মধ্যপ্রদেশের ভোপালেও প্রায় একই ধরণের একটি ঘটনা ঘটেছিল, যেখানে এক শিক্ষিকা ক্লাসরুমে পা তুলে বসে ছাত্রকে দিয়ে পা টিপিয়ে নিচ্ছিলেন। বারংবার এই ধরণের ঘটনা সামনে আসায় উঠছে বড় প্রশ্ন— স্কুলগুলো কি তবে শিক্ষার আঙিনা থেকে আরাম করার আস্তানায় পরিণত হচ্ছে? যোগীরাজ্যের এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, গুরু-শিষ্যের পবিত্র সম্পর্ককে এভাবে কলুষিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।