‘যুবসাথীর’ টাকা ঢুকবে অ্যাকাউন্টে এই সপ্তাহেই, বড় ঘোষণা অভিষেকের

বাংলার যুবকদের জন্য বড় খবর! রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে এই প্রকল্পের সুবিধা।

সময়ের আগেই মিলছে ‘উপহার’ প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল যে, ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এক চমকপ্রদ ঘোষণা করেন। তিনি জানান, নারী দিবসের বিশেষ উপহার হিসেবে শনিবার থেকেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্য়েই অনেক আবেদনকারী তাঁদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেতে শুরু করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় আপডেট রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জনসভা থেকে এই প্রসঙ্গে আরও স্পষ্ট বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা ঢুকতে কিছুটা দেরি হতে পারে। তবে যাঁরা নাম নথিভুক্ত করেছেন, সোমবার বা মঙ্গলবারের মধ্যে সেই ৮৯ লক্ষ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।”

পাল্টা চ্যালেঞ্জ শাহ-কে মথুরাপুরের যে মাঠে কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছিলেন, ঠিক সেই একই মাঠে দাঁড়িয়ে নাম না করে শাহ-কে বিঁধেছেন অভিষেক। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের আনা বিভিন্ন অভিযোগের পাল্টা পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দেয় তা পালনও করে। তারই প্রমাণ এই যুবসাথী প্রকল্পের দ্রুত রূপায়ন।