সজারুর মতো কাঁটাওয়ালা ডাইনোসর! ১২ কোটি বছর আগের বিচিত্র প্রাণীর খোঁজে তোলপাড় বিজ্ঞান মহলে

সুকুমার রায়ের ‘হাঁসজারু’ কবিতার কথা আমরা সবাই জানি। কিন্তু এবার বাস্তবেই সজারুর মতো কাঁটাওয়ালা এক অদ্ভুত ডাইনোসরের হদিস পেয়ে অবাক বিজ্ঞানীরা। চিনের লিয়াওনিং প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার হয়েছে এই বিচিত্র ডাইনোসরের জীবাশ্ম। গবেষকদের দাবি, আনুমানিক ১২ কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত এই ‘কাঁটাধারী’ ডাইনোসর।
বিস্ময়কর গঠন: বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির ডাইনোসরের নাম দিয়েছেন ‘হাওলং ডংগি’। যে জীবাশ্মটি উদ্ধার হয়েছে, সেটি মূলত একটি শিশু ডাইনোসরের। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, জীবাশ্মটি এতটাই অক্ষত ছিল যে আধুনিক প্রযুক্তির সাহায্যে এর শরীরের গঠন বুঝতে বিজ্ঞানীদের কোনো অসুবিধা হয়নি। পরীক্ষার সময় দেখা যায়, এই প্রাণীর সারা শরীর জুড়ে অসংখ্য সূচ্যগ্র বস্তু বা কাঁটা রয়েছে।
হাড় নয়, ত্বকের অংশ: প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো হয়তো হাড়ের কোনো অংশ। কিন্তু নিবিড় পরীক্ষার পর দেখা যায়, এই তীক্ষ্ণ কাঁটাগুলো আসলে ডাইনোসরের ত্বকেরই অংশ, অনেকটা আধুনিক সজারুর শরীরের কাঁটার মতো। ডাইনোসরের বিবর্তনের ইতিহাসে এমন সজারু-সদৃশ ত্বক এর আগে কখনও দেখা যায়নি।
কেন এই কাঁটা? বিজ্ঞানীদের অনুমান, আত্মরক্ষার তাগিদেই হয়তো এই ডাইনোসরের শরীরে এমন বিবর্তন ঘটেছিল। নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত এই খবরটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ডাইনোসরের পরিচিত তালিকায় এই ‘হাওলং ডংগি’ এক নতুন এবং রহস্যময় অধ্যায় যুক্ত করল। মাটির নিচে চাপা পড়ে থাকা ১২ কোটি বছর আগের এই রহস্য ভেদ করে বিজ্ঞানীরা এখন বোঝার চেষ্টা করছেন, আর কোনো প্রজাতিতে এমন কাঁটা ছিল কি না।