হাজির প্রতীকী দ্রৌপদী মুর্মু! আন্তর্জাতিক নারী দিবসে সিলিন্ডার কোলে অভিনব বিক্ষোভে কাঁপল কলেজ স্ট্রিট

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাজপথে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। কলেজ স্ট্রিটের ব্যস্ত মোড়ে হাতা-খুন্তি হাতে খোদ ‘রাষ্ট্রপতি’ দ্রৌপদী মুর্মুকে দেখা গেল প্রতিবাদী মিছিলে! তবে তিনি আসল রাষ্ট্রপতি নন, গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের এক অভিনব কর্মসূচির প্রতীকী চরিত্র। মধ্য কলকাতা ও বড়বাজার জেলা মহিলা কংগ্রেস এবং আইএনটিইউসি (INTUAC) সেবাদলের উদ্যোগে রবিবার এই বিচিত্র প্রতিবাদ আয়োজিত হয়।

কংগ্রেস কর্মী অনিমা বালা এদিন রাষ্ট্রপতির সাজে মিছিলে নেতৃত্ব দেন। তাঁর গলায় ছিল গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদী স্লোগান, হাতে হাতা-খুন্তি। মিছিলে অংশ নেওয়া মহিলারা গ্যাসের সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখান। আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে ও প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রাবন্তী সিংহ এদিন কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁদের অভিযোগ, একদিকে ‘উজ্জ্বলা’র দোহাই দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে ক্রমাগত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের হেঁশেলে আগুন লাগানো হচ্ছে। প্রতীকী রাষ্ট্রপতির উপস্থিতিতে এদিন প্রান্তিক শ্রমজীবী মহিলাদের সম্মান ও উপহারও প্রদান করা হয়। কলেজ স্ট্রিটের এই অভিনব বিক্ষোভ দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।