“সংবিধান বদলে পার্টি ম্যানিফেস্টো আনছে বিজেপি!” ধর্মতলায় দাঁড়িয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার

আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের মারাত্মক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি দেশে ‘এক দেশ, এক নেতা, এক দল’ ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। এর জন্য তারা বাবাসাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে সরিয়ে দিয়ে আরএসএস ও বিজেপির দলীয় ইস্তেহার প্রতিষ্ঠা করতে মরিয়া।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বিজেপির এই নেশা নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনক। তারা দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদকে বিরোধী দমনের অস্ত্রে পরিণত করেছে।” বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সি, জাতীয় কমিশন এবং বিচারব্যবস্থার একাংশকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে সরব হন তিনি। ভোটার তালিকা থেকে বৈধ নাম মুছে দেওয়ার চেষ্টার জন্য নির্বাচন কমিশনকেও ‘ভ্যানিশ কমিশন’ বলে কটাক্ষ করেন মমতা।

ধর্মতলার ধরনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান, “এই প্রতিবাদ প্রতিটি বাংলা-বিরোধী ষড়যন্ত্রের জবাব। দিল্লির জমিদাররা এই মহান ভূমিকে দমন করতে পারবে না।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে চলা বিতর্কের আবহেই মমতার এই ‘সংবিধান বাঁচাও’ ডাক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, বাংলা অতীতে ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙেছিল, এবার বিজেপির পতন নিশ্চিত করতেও বাংলাই পথ দেখাবে।