ব্লু-বুক লঙ্ঘন? বিকেলের মধ্যে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের! রাষ্ট্রপতি ইস্যুতে নবান্ন-দিল্লি সংঘাত চরমে

আন্তর্জাতিক নারী দিবসের পুণ্যলগ্নে বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে তাঁকে ‘অসম্মান’ করার যে অভিযোগ উঠেছে, তাকেই হাতিয়ার করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “গোটা দেশ যখন নারীর সাফল্য উদযাপন করছে, তখন পশ্চিমবঙ্গ সরকার দেশের রাষ্ট্রপতিকে অপমান করে সাঁওতাল সম্প্রদায় এবং নারীশক্তির অবমাননা করেছে। খুব শীঘ্রই রাজ্যের মানুষ এই সরকারকে বদলে দেবে।”
এদিকে, রাষ্ট্রপতির সফরে নিরাপত্তা ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে নজিরবিহীন সক্রিয়তা দেখাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, ‘ব্লু বুক’ (Blue Book)-এ বর্ণিত নিয়মাবলী কেন লঙ্ঘিত হলো, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কড়া চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। আজ রবিবার বিকেল ৫টার মধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। শৌচালয়ে জলের অভাব থেকে শুরু করে রাস্তার আবর্জনা— একাধিক অব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠায় অমিত শাহের মন্ত্রক রীতিমতো কৈফিয়ত চেয়েছে নবান্নের কাছে। এই ইস্যুতে এখন তপ্ত বাংলার রাজনীতি।