বিজেপির রথ বেরোতেই ঝাঁটা-গঙ্গাজল নিয়ে রাস্তায় তৃণমূল! মেদিনীপুরে চরম উত্তেজনা, তুঙ্গে ‘শুদ্ধিকরণ’ রাজনীতি

মেদিনীপুরের মাটিতে ‘শুদ্ধিকরণ’ রাজনীতি ঘিরে চরমে উঠল তৃণমূল-বিজেপি সংঘাত। শনিবার খড়গপুর থেকে বের হওয়া বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ মেদিনীপুর শহর ছাড়তেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল আমতলা ও জগন্নাথ মন্দির চক এলাকা। বিজেপির রথ যে যে রাস্তা দিয়ে গিয়েছে, সেই সমস্ত রাস্তা ঝাঁটা এবং ড্রাম ভর্তি গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিষ্কার করল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

তৃণমূলের দাবি, মেদিনীপুর বিপ্লবীদের মাটি। কিন্তু এসআইআর (SIR)-এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বিজেপি এই পবিত্র মাটিকে ‘কলুষিত’ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর নেতৃত্বে পুরোহিত ডেকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলে এই শুদ্ধিকরণ প্রক্রিয়া। তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে, “গণতন্ত্রের হত্যাকারীরা মেদিনীপুরের মাটিতে রাসলীলা করতে এসেছিল, বিষ-রথ চালিয়ে মাটিকে অপবিত্র করেছে, তাই এই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ।” এই কর্মসূচি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলে কটাক্ষ করে তাঁর কুশপুতুল দাহ করা হয়।

অন্যদিকে, বিষয়টিকে স্রেফ ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বাংলার মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে এবং পরিবর্তনের রথ দেখে তৃণমূল ভয় পেয়েছে। শমীক ভট্টাচার্যের বক্তব্য রাখার পর রথ কেশপুরের দিকে রওনা হলেও মেদিনীপুর শহরের এই ‘গঙ্গাজল যুদ্ধ’ এখন রাজ্য রাজনীতির হট টপিক।