জতুগৃহে তেহরান! ৫টি অয়েল ডিপো ওড়াল ইজরায়েল, কালো বিষাক্ত ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল ইজরায়েল। সরাসরি ইরানের মেরুদণ্ড অর্থাৎ জ্বালানি ভাণ্ডারে বড়সড় আঘাত হানল তেল আভিভ। রবিবার বিকেলে তেহরানের পাঁচটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে একের পর এক হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান। হামলায় ২ জন ট্যাঙ্কার চালকসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তেলের ডিপোগুলোতে বিস্ফোরণের ফলে এলাকাটি মুহূর্তে জতুগৃহে পরিণত হয়। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ যে, তেহরানের পাশাপাশি পার্শ্ববর্তী কারাজ শহর থেকেও কালো বিষাক্ত ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছে।
ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানির সিইও এই হামলার খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, তেহরানের শাহরান ও আঘদসিয়ে-র মতো গুরুত্বপূর্ণ ডিপোগুলো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর রাস্তা দিয়ে তেলের সঙ্গে আগুনের স্রোত বইতে দেখা যাচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই হামলার ফলে পরিবেশগত মহাবিপর্যয় নেমে আসতে পারে। আকাশ থেকে বিষাক্ত ফোঁটা বা কালির মতো কণা ঝরে পড়ছে, যা সরাসরি পানীয় জলের উৎসগুলোতে মিশে যাচ্ছে। এর ফলে আগামী দিনে ইরান এক ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।