আমেদাবাদের ‘অভিশাপ’ কাটানোর রুদ্ধশ্বাস অপেক্ষা! নিউজ়িল্যান্ডকে হারিয়ে কি বিশ্বকাপ ট্রফি তুলবেন সূর্যরা?

০২৩ সালের ১৯ নভেম্বরের সেই দুঃসহ স্মৃতি আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাড়া করে বেড়ায়। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে সেই হার এখনও অনেকের কাছেই একটা ‘অভিশাপের’ মতো। কিন্তু সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি। ৮ মার্চ, ২০২৬—টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবার প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড। আমদাবাদের সেই একই স্টেডিয়ামে আজ কি ইতিহাস বদলাবে? নাকি পুরনো স্মৃতিই ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সন্ধ্যায় টিভির পর্দায় চোখ রাখবে গোটা ভারত।
শুধু ২০২৩-এর বদলা নয়, ২০১৯ বিশ্বকাপের সেই হৃদয়বিদারক সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ারও মোক্ষম সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবদের সামনে। তবে কিউইদের বিরুদ্ধে জয় পেতে হলে ভারতকে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। দলের ওপেনার অভিষেক শর্মার অফ-ফর্ম চিন্তার কারণ হলেও, সুপার এইট ও সেমিফাইনালে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং ভারতের ভরসা জুগিয়েছে। বোলিং লাইনআপে জশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং ফর্মে থাকলেও, ফিন অ্যালেনের মতো বিস্ফোরক ব্যাটারকে আটকানোই এখন ভারতের প্রধান মাথাব্যথার কারণ। ইডেনে ফিন অ্যালেনের ৩৩ বলে ১০০ রানের ইনিংসটি এখনও অনেকের স্মৃতিতে টাটকা।
একনজরে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জশপ্রীত বুমরা।
নিউজ়িল্যান্ডের সম্ভাব্য একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, র্যাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।
আজ সন্ধ্যায় ৭টায় ম্যাচ শুরু হবে, আর টস হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সব বাধা কাটিয়ে সূর্যর টিম ইন্ডিয়া কি আজ কাপ হাতে দেশে ফিরবে? সেই উত্তরের অপেক্ষায় এখন প্রহর গুনছে কোটি কোটি ভারতীয় সমর্থক।