রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার ‘অনুমতি’! ট্রাম্পকে কড়া জবাব কমল হাসানের

বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান দাম এবং ইরান-ইরান যুদ্ধের আবহে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে। পরিস্থিতির মোকাবিলায় ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ‘অনুমতি’ দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের এই আচরণ ভারতের অভ্যন্তরীণ সার্বভৌমত্বের পরিপন্থী বলে মনে করছেন বিশিষ্ট অভিনেতা ও জননেতা কমল হাসান। সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারত আর বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় না।

কী বলেছেন কমল হাসান? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করে কমল হাসান লেখেন, “প্রিয় প্রেসিডেন্ট মহোদয়, আমরা ভারতের জনগণ একটি স্বাধীন ও সার্বভৌম জাতির মানুষ। আমরা আর বিদেশিদের থেকে আদেশ গ্রহণ করি না। দয়া করে আপনি নিজের কাজ নিয়ে মাথা ঘামান।” তিনি আরও যোগ করেন, “সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী বিশ্ব শান্তির একমাত্র ভিত্তি। আমরা আপনার দেশ ও জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করি, কিন্তু ভারতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতই রাখে।”

প্রেক্ষাপট: ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির অভাব ও দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকা ভারতকে রাশিয়ার তেল কেনার ‘ছাড়পত্র’ দেওয়ার যে নির্দেশিকা জারি করেছে, তাকেই ভারতবাসীর আত্মমর্যাদায় আঘাত বলে মনে করছেন কমল হাসান। ট্রাম্প প্রশাসনের এই ‘উপদেশ’ ভারতের স্বাধীন বাণিজ্যিক নীতির ওপর সরাসরি হস্তক্ষেপ বলেই মনে করা হচ্ছে।