বুমরাহকে নিয়ে চিন্তিত নন ফিন অ্যালেন! ফাইনালের আগে কিউয়ি ওপেনারের হুংকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ভারত বনাম নিউজিল্যান্ড মহারণ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ বলে বিধ্বংসী সেঞ্চুরি করে নজর কেড়েছেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার ফিন অ্যালেন। ফাইনালে তাঁকে আটকানোই ভারতের জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আর সেই দায়িত্ব থাকছে জসপ্রীত বুমরাহ-র কাঁধে। কিন্তু বুমরাহ-র সামনে নামার আগে কোনো চাপই নিচ্ছেন না কিউয়ি এই ব্যাটার।
কী বললেন ফিন অ্যালেন? স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেন জানান, ফাইনালের জন্য তিনি পুরোপুরি রিল্যাক্সড। তিনি বলেন, “আমি এবং টিম শেফার্ট কোচ লুক রঞ্চির রুমে গিয়েছিলাম, হালকা কফি খেয়েছি এবং গেমপ্ল্যান নিয়ে কথা বলেছি। পুরো বিষয়টিই বেশ রিল্যাক্সিং ছিল।”
বুমরাহ-র মতো বিশ্বসেরা বোলারের বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অ্যালেন বলেন, “বুমরাহ অবশ্যই বিশ্বমানের বোলার, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমি প্রতিপক্ষ বোলারকে নিয়ে না ভেবে বরং নিজের খেলার ওপর ফোকাস করতে পছন্দ করি। আমার শট সিলেকশন কেমন হবে এবং আমি কীভাবে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলব—সেটাই আমার একমাত্র ভাবনা। তাই বুমরাহ-কে নিয়ে আলাদা করে কোনো চাপ নিচ্ছি না।”
অ্যালেনের এই আত্মবিশ্বাস কি আজ ভারতের বোলারদের বেগ দেবে? আমদাবাদের ফাইনালে ব্যাটে-বলের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।