আকাশে ঝঞ্ঝার ভ্রুকুটি! উত্তরে দাবদাহ চললেও বাংলায় কি আছড়ে পড়বে কালবৈশাখী?

মার্চ মাসের শুরুতেই প্রকৃতির আজব খামখেয়ালিপনা। একদিকে যখন উত্তর ও উত্তর-পশ্চিম ভারত তীব্র দাবদাহে পুড়ছে, তখন বাংলার আকাশে বৃষ্টির মেঘ। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সমতলের পাশাপাশি পাহাড়েও এখন গরমের ‘রক্তচক্ষু’। সিমলা থেকে গুলমার্গ—স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস উপরে ঘোরাফেরা করছে তাপমাত্রা।

পুড়ছে উত্তর ভারত, স্বস্তিতে বাংলা: রাজধানী দিল্লিতে পারদ ইতিমধ্যেই ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। পাহাড়ের রানি সিমলায় তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি (স্বাভাবিকের +৮), আর বরফের চাদরে ঢাকা গুলমার্গে পারদ ১৩.৪ ডিগ্রি (স্বাভাবিকের +৯)। শ্রীনগরেও গরমের দাপট অব্যাহত। তবে সেই তুলনায় বাংলা কিছুটা হলেও ‘শীতল’। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

বৃষ্টির পূর্বাভাস ও ঝোড়ো হাওয়া: আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকেই আকাশের মুখ ভার। রবিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার কলকাতাতেও হালকা বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সতর্কবার্তা: দক্ষিণবঙ্গে বুধবার এবং উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের দাপট আপাতত কম থাকলেও বৃষ্টির পর ফের পারদ চড়বে কি না, সেটাই এখন দেখার।