SPORTS: ৩ ভুলে হাতছাড়া হতে পারে বিশ্বকাপ, জেনেনিন ভারতের ফোকাসে কী কী?

রবিবার। বিশ্বক্রিকেটের মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। কিন্তু আইসিসি টুর্নামেন্টের নক-আউট মানেই ভারতের সামনে পাহাড়সম বাধা হয়ে দাঁড়ায় ব্ল্যাক-ক্যাপসরা। অতীতে বারবার কিউয়িদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মেন ইন ব্লু-র। রবিবাসরীয় দুপুরে সেই ক্ষতে প্রলেপ দিয়ে ট্রফি জয়ই এখন সূর্যকুমার যাদবদের একমাত্র লক্ষ্য। তবে সামান্য ভুলেই হাতছাড়া হতে পারে বিশ্বখেতাব। কোন ৩টি বিষয়ে ভারতকে সতর্ক থাকতেই হবে? দেখে নিন একনজরে।

১. ব্যাটিং অর্ডারে হঠকারী পরিবর্তন

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ওপেনিং জুটি বদলে বড় মাসুল গুনেছিল ভারত। রোহিত শর্মাকে তিনে নামিয়ে ঈশান কিষাণকে ওপেন করতে পাঠিয়ে শুরু হয়েছিল ব্যাটিং বিপর্যয়। চলতি বিশ্বকাপে অভিষেক শর্মার অফ-ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু ফাইনালে হঠাৎ করে ব্যাটিং অর্ডারে বড় রদবদল করলে হিতে বিপরীত হতে পারে। স্থিতিশীল ব্যাটিং অর্ডারই হতে পারে জয়ের চাবিকাঠি।

২. কিউয়ি স্পিন-ফাঁদ ও মাঝের ওভার

নিউজিল্যান্ডের প্রধান শক্তি হলো মাঝের ওভারগুলোতে স্পিনারদের ব্যবহার করে রানের গতি আটকে দেওয়া। ২০১৬ সালে মিচেল স্যান্টনার ও ইশ সোধি একাই ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন। এই বিশ্বকাপেও স্পিনের বিরুদ্ধে সূর্যকুমার বা তিলক বর্মারা কিছুটা রক্ষণাত্মক খেলেছেন। রবিবার স্যান্টনারদের বিরুদ্ধে যদি আক্রমণাত্মক মেজাজে না ফেরা যায়, তবে লক্ষ্যমাত্রা নাগালের বাইরে চলে যেতে পারে।

৩. আহমেদাবাদের সেই ‘অভিশপ্ত’ স্মৃতি

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের শেষ বড় টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে পিচ ও পরিস্থিতি বুঝতে ভুল করে হেরেছিল ভারত। পিচের চরিত্র এবং টসের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ক্যাপ্টেন সূর্য জানিয়েছেন, তাঁরা কিউয়িদের পুরোনো ম্যাচ খুব একটা দেখেননি। এই অতি-আত্মবিশ্বাস বা রণকৌশলের অভাব কি কাল হয়ে দাঁড়াবে? প্রশ্ন থাকছেই।

সুনীল গাভাসকর থেকে শুরু করে গৌতম গম্ভীর— সকলেই অভিষেক শর্মা এবং দলের স্ট্র্যাটেজি নিয়ে সরব হয়েছেন। কিউয়ি কাঁটা উপড়ে আহমেদাবাদের গ্যালারিতে তেরঙা ওড়াতে হলে ভারতকে হতে হবে নিখুঁত।