ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থায় বড় মোড়! কংগ্রেসের প্রস্তাবে শেষমেশ সিলমোহর মমতার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে নাটকীয়ভাবে নিজেদের অবস্থান বদল করল তৃণমূল কংগ্রেস। এতদিন এই প্রস্তাবে সই না করে ‘অপেক্ষা করো’ নীতি নিলেও, এবার সরাসরি কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল সাংসদরা স্পিকারের বিরুদ্ধে ভোট দেবেন।

কেন এই ভোলবদল? গত ১০ ফেব্রুয়ারি রাহুল গান্ধীকে সংসদে বলতে না দেওয়ার অভিযোগ তুলে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস-সহ বিরোধীরা। সেই সময় ১১৪ জন সাংসদ সই করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্পিকারকে আরও ২-৩ দিন সময় দেওয়া উচিত। কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের মুখে রাজ্যপাল বদল এবং ভোটার তালিকা (SIR) ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত চরমে ওঠায়, এবার সংসদীয় স্তরেও সুর চড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল।

অধীরের তোপ: তৃণমূলের এই অবস্থান বদলকে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “বিজেপির দালালি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন খোকাবাবু (অভিষেক)। বাংলায় বাজার খারাপ হবে বুঝেই এখন বাধ্য হয়ে কংগ্রেসের পা ধরছেন।” সোমবার, ৯ মার্চ থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে, সেদিনই এই অনাস্থা ইস্যু নিয়ে উত্তাল হতে পারে লোকসভা।