“গ্যাসের দাম বাড়লে পথে নামবে কালো শাড়ি”, নারী দিবসেই আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day 2026) সকালে একগুচ্ছ কবিতার পংক্তি এবং রাজ্য সরকারের একঝাঁক নারী-কল্যাণ প্রকল্পের খতিয়ান নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিকে প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা এবং মাদার টেরিজার পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করে তিনি রাজ্যের কোটি কোটি ‘লক্ষ্মী’দের প্রতি তাঁর কুর্নিশ জানিয়েছেন।
প্রকল্পের সাফল্যের খতিয়ান: এদিন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে স্পষ্ট করে দেন যে, কেবল প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী তাঁর সরকার।
-
লক্ষ্মীর ভাণ্ডার: বর্তমানে এই প্রকল্পের উপভোক্তা ২ কোটি ৪১ লক্ষ। সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং এসসি/এসটি মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন।
-
কন্যাশ্রী ও রূপশ্রী: প্রায় ১ কোটি ছাত্রী কন্যাশ্রীর আওতায় রয়েছে, যা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। রূপশ্রী প্রকল্পে ২৩ লক্ষ মহিলাকে বিয়ের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
-
স্বাস্থ্য ও সুরক্ষা: ২ কোটি ৪২ লক্ষ মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬৮% থেকে বেড়ে ৯৯.১৪% হয়েছে।
কেন্দ্রকে আক্রমণ ও আন্দোলনের ডাক: নারী দিবসের মঞ্চ থেকেও কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধতে ছাড়েননি মমতা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে ‘মানুষের ওপর হয়রানি’ বলে কটাক্ষ করেছেন তিনি। এর প্রতিবাদে রাজ্যের মহিলারা কালো শাড়ি পরে রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ‘যুবসাথী’ প্রকল্পের টাকা নির্ধারিত সময়ের আগেই (শনিবার থেকে) প্রায় এক কোটি আবেদনকারীর অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।
নিরাপত্তায় ‘সেরা’ কলকাতা: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। নারী সুরক্ষায় ‘পিঙ্ক বুথ’, ‘শাইনিং’ মোবাইল অ্যাপ এবং বিশেষ ‘অপরাজিতা বিল’-এর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত স্তরেও ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করেছে তাঁর সরকার।