তৃণমূল নেতার নিশানায় বাম সমর্থক জুঁই; ‘অশালীন’ না কি ‘যোগ্য জবাব’? কুণালের মন্তব্য ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day 2026) পুণ্য লগ্নেই এক নজিরবিহীন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক বামপন্থী মহিলার পোস্টে কুণালের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, এক মহিলার সম্মানহানি করেছেন শাসক দলের এই নেতা। যদিও কুণাল শিবিরের দাবি, বিকৃত তথ্যের পাল্টা জবাব দিয়েছেন তিনি।
বিতর্কের সূত্রপাত: হাওড়ার বালির বাসিন্দা জুঁই বসু নামে এক স্বঘোষিত বামপন্থী মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই গ্রাফিক্সে দেখা যাচ্ছে, ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ডউইচ খাচ্ছেন এবং পাশে দাঁড়ানো কুণাল ঘোষের হাতে চকোলেট। ছবির ক্যাপশনে বিদ্রূপ করে লেখা ছিল, ‘ধরনা মঞ্চে রাতের আহার শেষ। এরপর নিদ্রা যাবেন।’ মূলত সিঙ্গুর আন্দোলনের সময় মমতার অনশন নিয়ে প্রয়াত বিধায়ক দীপক ঘোষের বইয়ের বিতর্কিত দাবিকেই উস্কে দিতে চেয়েছিলেন ওই মহিলা।
কুণালের পাল্টা ‘রেট’ প্রশ্ন: এই পোস্ট দেখামাত্রই মেজাজ হারান কুণাল ঘোষ। তিনি পালটা কমেন্ট বক্সে লেখেন, “শ্রীমতী জুঁই, আপনার রেট কত???? মানে এ ধরনের বিকৃত গ্রাফিক্স করতে কত করে নেন? আপনার রেটটা পোস্ট করলে সবার সুবিধে হয়।” এখানেই থামেননি তিনি, ওই মহিলার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ‘বংশপন্থী কমরেড’ বলেও কটাক্ষ করেন।
নারী দিবসে নিন্দার ঝড়: কুণাল ঘোষের এই ‘রেট’ শব্দবন্ধ ব্যবহার করা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীদের প্রশ্ন, একজন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা দলের মুখপাত্র হয়ে একজন মহিলার প্রতি এমন শব্দ প্রয়োগ কি শোভা পায়? যদি গ্রাফিক্স বিকৃত হয়ে থাকে, তবে কেন আইনি পথে বা সাইবার সেলে অভিযোগ জানানো হলো না? অন্যদিকে, শাসক দলের সমর্থকরা আবার কুণালকে সমর্থন করে বলছেন, যারা নেত্রীকে নিয়ে কুৎসা করে, তাদের ভাষাতেই জবাব দেওয়া হয়েছে।
নারী দিবসের সকালেই এই ‘ভার্চুয়াল যুদ্ধ’ এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। কুণাল ঘোষ অবশ্য তাঁর মন্তব্যে অনড়। এখন দেখার, এই ঘটনা জল কতদূর গড়ায়।