“বেশি করে ধরো…”, বঙ্গবিভূষণ ইমনকে নিয়ে এবার মুখ খুললেন মমতা! দিলেন পরামর্শ

রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ গেয়েছিলেন তিনি। এরপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করেছেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান। কিন্তু এই সাফল্যই যেন কাল হলো জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর জন্য। গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় লাগাতার ট্রোলিং ও কুরুচিকর আক্রমণের শিকার হতে হচ্ছে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অপমানে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমন। এবার সেই ইস্যুতেই গায়িকার পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ইমনকে কী ‘দাওয়াই’ দিলেন মমতা?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ইমন প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। গায়িকার ওপর চলা ভার্চুয়াল আক্রমণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সেদিন ওঁর মায়ের মৃত্যুদিন ছিল, অথচ সেইদিনও তাঁকে আক্রমণ করা হলো? আমরা তো শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা, রূপঙ্কর বা বাবুল সুপ্রিয়র মতো অনেককেই সম্মান দিয়েছি। তাহলে শুধু ইমনকে কেন একঘরে করা হচ্ছে?”

সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ইমনের উদ্দেশ্যে মমতার সাফ পরামর্শ— “আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বে কেন? বরং ওদের জব্দ করতে সোশ্যাল মিডিয়া আরও বেশি করে ধরো।”

মুখ্যমন্ত্রীর সামনেই পাল্টা ‘আর্জি’ ইমনের

মুখ্যমন্ত্রীর সান্ত্বনা পেলেও ইমন চক্রবর্তী যে এখনও মানসিকভাবে বিধ্বস্ত, তা স্পষ্ট। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর মা-কে নিয়ে টানাটানি এবং বঙ্গবিভূষণ পাওয়া নিয়ে বিদ্রুপ করায় তিনি সারা রাত ঘুমাননি। তবে অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ আক্ষেপ প্রকাশ করেছেন গায়িকা।

ইমন বলেন, “দিদি, আপনার কাছে আমার একটাই আর্জি। আমরা যখন গান শুরু করি, তখন এফএম (FM)-এ প্রচুর বাংলা গান বাজত। কিন্তু এখন রেডিওতে বাংলা গান কার্যত ব্রাত্য। আপনি একটু এই বিষয়ে ভাবনাচিন্তা করুন। শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে বাংলা গানের মানোন্নয়ন সম্ভব নয়।”

সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব?

ইমন চক্রবর্তী আগেই ফেসবুক লাইভে জানিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের কোনো ঝলক তিনি আর পাবলিক প্ল্যাটফর্মে দেবেন না। ট্রোলিংয়ের ধাক্কায় তিনি অসুস্থ বোধ করছেন বলেও দাবি করেছিলেন। এখন দেখার, খোদ ‘দিদি’র পরামর্শ মেনে তিনি কি নতুন শক্তিতে কামব্যাক করবেন, নাকি নেটদুনিয়া থেকে নিজেকে গুটিয়েই রাখবেন?