হলদিবাড়ি থেকে সরাসরি ট্রেনে বালুরঘাট, বদলে যাচ্ছে রেলের মানচিত্র!

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের রেল যোগাযোগে এক ঐতিহাসিক বিপ্লব ঘটতে চলেছে। দীর্ঘদিনের দাবি মেনে এবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হলদিবাড়ি থেকে সরাসরি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু করার সবুজ সংকেত দিল রেলবোর্ড। এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে বালুরঘাট যেতে হলে যাত্রীদের শিলিগুড়ি গিয়ে ট্রেন বদল করতে হত, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টকর। এবার সেই ভোগান্তি ঘুচতে চলেছে।
কখন ছাড়বে এই নতুন ট্রেন?
রেল সূত্রের খবর, আগামী ১০ মার্চ থেকে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। প্রতিদিন ভোর ৫টায় হলদিবাড়ি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে এবং দুপুর ৩টে ১০ মিনিটে বালুরঘাটে পৌঁছাবে।
ব্যবসা-বাণিজ্যে নতুন জোয়ার
এই ট্রেনটি চালু হওয়ার ফলে উত্তরবঙ্গের কৃষি ও ক্ষুদ্র শিল্পে নতুন প্রাণের সঞ্চার হবে।
-
কৃষিপণ্য: হলদিবাড়ির বিখ্যাত আলু, টম্যাটো এবং লঙ্কা এখন সহজেই দক্ষিণ দিনাজপুরের বাজারে পৌঁছে যাবে।
-
ক্ষুদ্র শিল্প: বালুরঘাটের ডালের বড়ি কিংবা গঙ্গারামপুরের বিশ্বখ্যাত ক্ষীরের দই এবার সহজেই জলপাইগুড়ির ভোজনরসিকদের পাতে পৌঁছাবে। এর ফলে দুই জেলার ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে উপকৃত হবেন।
রোগীদের জন্য বিশেষ আশীর্বাদ
চিকিৎসার প্রয়োজনে যাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে আসেন, তাঁদের জন্য এই ট্রেনটি হবে তুরুপের তাস। বর্তমানে সকাল ৮টার আগে কোনও লোকাল ট্রেন জলপাইগুড়ি পৌঁছায় না। কিন্তু নতুন এই ট্রেনটি ভোর সাড়ে ৫টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছে দেবে। ফলে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য রোগীদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এছাড়া উত্তরবঙ্গ মেডিক্যালে যাওয়ার জন্য এনজেপি বা শিলিগুড়ি জংশনেও মাত্র এক ঘণ্টার মধ্যে পৌঁছানো সম্ভব হবে।
বামনহাট কানেক্টিভিটি ও ডুয়ার্স ভ্রমণ
শুধু বালুরঘাট নয়, হলদিবাড়ি থেকে কোচবিহারের বামনহাট পর্যন্ত আরও একটি ট্রেন চালু হতে চলেছে। সেটি প্রতিদিন ভোর সাড়ে ৪টায় হলদিবাড়ি ছাড়বে। এই ট্রেনটি শিলিগুড়ি, সেভক ও নিউ মাল হয়ে ডুয়ার্সের বুক চিরে আলিপুরদুয়ার ও নিউ কোচবিহার হয়ে বামনহাটে পৌঁছাবে। এতদিন জলপাইগুড়ি থেকে সেভক যাওয়ার সরাসরি কোনও ট্রেন ছিল না, এবার সেই আক্ষেপও মিটতে চলেছে পর্যটক ও নিত্যযাত্রীদের।
রেল কর্তৃপক্ষের বক্তব্য
কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র নারা জানিয়েছেন, রেলবোর্ড ইতিমত্যেই অনুমোদন দিয়েছে। জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় জানিয়েছেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্রেন দুটি সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা হবে।