মেট্রো চ্যানেলে মমতার ধরনা, ওদিকে অ্যাকশনে কমিশন! কয়েকশ জুডিশিয়াল অফিসার নামছে নির্বাচনী যুদ্ধে

বাংলার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন নিয়ে টানটান উত্তেজনা তুঙ্গে। রাজ্যে প্রায় ৬১ লক্ষ ভোটারের নাম নিয়ে যে দীর্ঘ টালবাহানা চলছিল, তার আপডেট দিল নির্বাচন কমিশন। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র ৭.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক দিনেই নিষ্পত্তি হয়েছে প্রায় সাড়ে ৬ লক্ষ নাম। তবে চিন্তার বিষয় হল, এখনও প্রায় ৫৩.৫ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ বা এসআইআর (SIR) তালিকায় ঝুলে রয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কবে পরিষ্কার হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
অভিযোগের পাহাড়ে কমিশনের দাওয়াই জীবিত ভোটারদের নাম মৃতদের তালিকায় তুলে দেওয়া হয়েছে— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরে এই গুরুতর অভিযোগ করে আসছিলেন। এই জটিলতা কাটাতে কমিশন স্পষ্ট জানিয়েছে, “মৃত ভোটার নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা কড়া ব্যবস্থা নেব। রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ভোটার নিজেও এই অভিযোগ দায়ের করতে পারেন।” কাজের গতি বাড়াতে আগামী শনিবার আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার রাজ্যে আসছেন। সোমবার থেকে তাঁরা কাজে যোগ দেবেন। ফলে মোট জুডিশিয়াল অফিসারের সংখ্যা দাঁড়াবে ৭০৫, যারা এই ঝুলে থাকা নামগুলোর দ্রুত নিষ্পত্তি করবেন।
মেট্রো চ্যানেলে মমতা ও কেন্দ্রীয় বাহিনীর কুচকাওয়াজ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, যে ২২ জন ‘জীবিত’ মানুষকে মৃত ঘোষণা করা হয়েছে, তাঁদের তিনি সশরীরে মঞ্চে হাজির করবেন। অন্যদিকে, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করতে নারাজ কমিশন। রাজ্যে মোতায়েন করা হচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে থাকবে ১২০ কোম্পানি CRPF, ৬৫ কোম্পানি BSF, ১৬ কোম্পানি CISF, ২০ কোম্পানি ITBP এবং ১৯ কোম্পানি SSB। ভোটারদের আস্থা ফেরাতে এবং এলাকা দখলের রাজনীতি রুখতে শীঘ্রই এই বাহিনী জেলাগুলোতে রুট মার্চ শুরু করবে।