রান্নার গ্যাসের আকাল? ইরান সংকটে থমকে জোগান, পরিস্থিতি সামলাতে জরুরি আইন প্রয়োগ কেন্দ্রের

ইরান ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র পরিস্থিতির আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতের রান্নাঘরে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দেশে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি (LPG)-র জোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও রাশিয়া থেকে তেল আমদানিতে সাময়িক ছাড়পত্র মিলেছে, কিন্তু রান্নার গ্যাসের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমজনতা। এই সংকটের মুখে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাওয়ায় হু হু করে বাড়ছে সিলিন্ডারের আগাম বুকিং।

উত্তর কলকাতার এক ডিস্ট্রিবিউটর বিজন বিহারি বিশ্বাস জানিয়েছেন, জোগানে সমস্যার পাশাপাশি গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে। এই জরুরি অবস্থা সামাল দিতে কেন্দ্র সরকার ১৯৫৫ সালের ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ (Essential Commodities Act) প্রয়োগ করেছে। সরকারি ও বেসরকারি সমস্ত তেল শোধনাগার বা রিফাইনারিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অন্য পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন কমিয়ে এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দেয়। কেন্দ্র আশ্বস্ত করেছে যে গৃহস্থালির গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই গ্রাহকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং না করার পরামর্শ দেওয়া হয়েছে।