তৃণমূল নেতাকে ‘এমএলএ’ বানানোর স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ! পুলিশের জালে পুরুলিয়ার রত্নদীপ

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র। এবার খোদ তৃণমূলের ভোটকুশলী সংস্থা ‘আইপ্যাক’-এর (I-PAC) নাম ভাঙিয়ে এক তৃণমূল নেতাকে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রত্নদীপ মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃত যুবক পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা এবং শিক্ষাগত যোগ্যতায় একজন বিসিএ (BCA) পাশ।

পুলিশ সূত্রে খবর, রত্নদীপ পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক স্থানীয় নেতাকে ফোন করেন। নিজেকে আইপ্যাকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তিনি ওই নেতার কাছে ১ কোটি টাকা দাবি করেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কিছু ভুয়ো স্ক্রিনশটও পাঠান তিনি। ইতিমধ্যেই অগ্রিম হিসেবে কয়েক লক্ষ টাকা রত্নদীপের হাতে তুলে দিয়েছিলেন ওই নেতা। কিন্তু পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত যুবক সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিয়ে এই জাল বিছিয়েছিল। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, দলে টিকিট পাওয়ার এমন কোনও পদ্ধতি নেই এবং আইপ্যাক বা দলের নাম করে কেউ টাকা চাইলে তৎক্ষণাৎ পুলিশকে জানানো উচিত।