খামেনি হত্যার ‘ব্লু-প্রিন্ট’ তৈরি হয়েছিল ৯০ দিন আগেই! ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়

ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের আবহে এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ। তাঁর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনিকে হত্যার পরিকল্পনা হুট করে নেওয়া হয়নি, বরং এর ছক কষা হয়েছিল অন্তত ৯০ দিন আগে। এক সাক্ষাৎকারে কাটজ জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক গোপন বৈঠকে খামেনিকে ‘নির্মূল’ করার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালানোর কথা ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পরমাণু কর্মসূচির হুমকি বেড়ে চলায় সেই সময়সূচি এগিয়ে আনা হয়। কাটজ দাবি করেন, ২০২৫ সালের ডিসেম্বরেই এই পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল। অবশেষে গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে এই অভিযান চালায়। দাবি করা হয়েছে, হামলা শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই খামেনি নিহত হন। এই নিখুঁত অভিযানে খামেনির পাশাপাশি ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। এই খবরের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নগর্ভ, যে কোনও মুহূর্তে বড়সড় যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব।