বিশ্বকাপের সেরা কে? রাচিন থেকে মার্করাম—সেরা আটের তালিকায় টিম ইন্ডিয়ার একমাত্র প্রতিনিধি সঞ্জু

রবিবাসরীয় মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। তার ঠিক আগেই ক্রিকেট মহলে উত্তেজনা বাড়িয়ে আইসিসি ঘোষণা করল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সেরা খেলোয়াড়’ বা ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’-এর তালিকা। আর সেই তালিকায় ভারতীয় সমর্থকদের জন্য সবথেকে বড় চমক কেরল বোলার সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের শুরুতে সুযোগ না পেলেও সুপার এইট এবং সেমিফাইনালে অতিমানবীয় ব্যাটিং পারফরম্যান্স দিয়ে আইসিসি-র নজর কেড়েছেন তিনি।

সঞ্জু ছাড়াও এই মর্যাদাপূর্ণ তালিকায় রয়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস, পাকিস্তানের সাহেবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করাম, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট এবং মার্কিন পেসার শ্যাডলি ভ্যান শাল্কউইক। সঞ্জু স্যামসন মাত্র ৪ ম্যাচে ২০১.৭৩ স্ট্রাইক রেটে ২৩২ রান করেছেন, যার মধ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ৪২ বলে ৮৯ রানের ইনিংসটি ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সাহেবজাদা ফারহান দুটি শতরান-সহ ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্টও অলরাউন্ড নৈপুণ্যে কিউইদের ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছেন। বোলারদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাল্কউইক মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন। এখন দেখার, আমেদাবাদের মহারণ শেষে কার হাতে ওঠে শ্রেষ্ঠত্বের মুকুট।