বিরাট ঘোষণা! ১২ লক্ষ টন আলু কিনছে সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই রাজ্যের অন্নদাতাদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে আলুর সঠিক দাম না পাওয়ার আশঙ্কায় থাকা কৃষকদের রক্ষাকবচ দিতে এবার সরাসরি ময়দানে নামল নবান্ন। রাজ্যের কৃষি বিপণন দপ্তর আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে চাষিদের কাছ থেকে প্রতি কেজি ৯ টাকা ৫০ পয়সা দরে আলু কিনবে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে জানানো হলেও, পরিস্থিতি বুঝে এই সময়সীমা আরও বাড়তে পারে।
সরকারের এই মেগা পরিকল্পনার মূল লক্ষ্য হল ১২ লক্ষ টন ‘জ্যোতি’ আলু সংগ্রহ করা। হিমঘরগুলিতে ইতিমধ্যেই ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হয়েছে। একজন কৃষক সর্বাধিক ৩৫ কুইন্টাল (প্রায় ৭০ বস্তা) আলু বিক্রি করার সুযোগ পাবেন। এই সুবিধা পেতে হলে চাষিদের সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে কৃষকবন্ধু সার্টিফিকেট, শস্যবিমার নথি এবং কিষান ক্রেডিট কার্ড যাচাই করা হবে। ‘আগে এলে আগে সুযোগ’—এই ভিত্তিতেই হিমঘর বরাদ্দ করা হবে এবং বিক্রিত আলুর টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ ভোটব্যাঙ্ক অটুট রাখতে সরকারের এই পদক্ষেপ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।