আশীর্বাদ নিতে গিয়ে খোয়ালেন সোনার আংটি! খাস কলকাতায় ব্যাঙ্ক কর্তাকে ঠকানোর পুরস্কার পেল ‘ভণ্ড সাধু’

আশীর্বাদ নেওয়ার নাম করে খাস কলকাতায় এক বেসরকারি ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজারকে প্রতারণার শিকার হতে হলো। সাধুর বেশ ধরে এসে সোনার আংটি হাতিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের পি-ব্লক এলাকায়। অভিযুক্ত রাজু কুমারকে (৩৫) গ্রেফতার করার পাশাপাশি খোয়া যাওয়া আংটিও উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, গত ৩ ফেব্রুয়ারি সকালে নিউ আলিপুরের বাসিন্দা অনির্বাণ দাশগুপ্তের বাড়ির সামনে এক ব্যক্তি সাধুর বেশে হাজির হন। ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার অনির্বাণবাবুর বিশ্বাস অর্জন করতে খুব বেশি সময় নেয়নি ওই প্রতারক। কথায় কথায় সে জানায়, আংটিটি হাতে নিয়ে আশীর্বাদ করলে তাঁর ভাগ্য ফিরে যাবে। বিশ্বাস করে নিজের ২.৯৩ গ্রামের সোনার আংটিটি সাধুর হাতে তুলে দেন অনির্বাণবাবু।
এরপরই শুরু হয় আসল খেলা। ওই প্রতারক নির্দেশ দেয়, “সামনে কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ান। যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি, ততক্ষণ পিছনে ফিরে তাকাবেন না। তাকালেই অমঙ্গল হবে।” নির্দেশ মেনে অনির্বাণবাবু সামনে এগিয়ে গিয়ে অপেক্ষা করতে থাকেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় পিছনে ফিরতেই দেখেন, সাধু বেপাত্তা! সেই সঙ্গে উধাও তাঁর প্রিয় আংটিও।
তদন্ত ও গ্রেফতারি: প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লালবাজারের ওয়াচ সেকশনে অভিযোগ জানান অনির্বাণবাবু। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সোর্স মারফত খবর নিয়ে পুলিশ রাজু কুমারকে চিহ্নিত করে। গত ২ মার্চ তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, এটি কোনো বড় চক্রের কাজ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত মাসেই শিব ও কালী সেজে কেপমারি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজু কুমারের সঙ্গে সেই চক্রের কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে জেরা চালাচ্ছে পুলিশ।