‘চিনকে নিয়ে করা ভুল আর নয়’, ভারতকে কড়া বার্তা ট্রাম্প প্রশাসনের!

ভারত ও আমেরিকার মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্যে জল্পনা বাড়িয়ে দিলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখার সময় তিনি সাফ জানান, ভারতের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব গভীর করতে ওয়াশিংটন আগ্রহী ঠিকই, তবে ২০ বছর আগে চিনের সঙ্গে যে ভুল আমেরিকা করেছিল, তার পুনরাবৃত্তি ভারতের ক্ষেত্রে হবে না।
ল্যান্ডাউ স্পষ্ট করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি কোনো বিচ্ছিন্নতাবাদ নয়, বরং নিজেদের নাগরিকদের স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, “ভারতকে বুঝতে হবে যে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমরা নিশ্চিত করব যে যেকোনো চুক্তি যেন মার্কিন জনগণের জন্য লাভদায়ক হয়। শেষ পর্যন্ত আমাদের নিজেদের মানুষের কাছেই জবাবদিহি করতে হবে।”
ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। সেই রেশ টেনেই ল্যান্ডাউ জানান, ভারত আগামী দশকের বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিশ্বের জনবহুলতম দেশ হিসেবে ভারতের মানবিক ও অর্থনৈতিক সম্পদ অপরিসীম। তবে এই উদীয়মান শক্তির সঙ্গে হাত মেলানোর সময় আমেরিকা নিজের বাণিজ্যিক স্বার্থকে বিন্দুমাত্র বলি দেবে না।
মার্কিন আধিকারিকের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, অতীতে চিনের সঙ্গে অবাধ বাণিজ্যের সুযোগ দিয়ে মার্কিন ম্যানুফ্যাকচারিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মনে করে ট্রাম্প প্রশাসন। এবার ভারতের সঙ্গে চুক্তির ক্ষেত্রে সেই ‘সুরক্ষাবাদী’ অবস্থান বজায় রাখতে চাইছে হোয়াইট হাউস। ল্যান্ডাউয়ের মতে, “ট্রাম্প যেমন আমেরিকাকে মহান করতে চান, তেমনই মোদীও ভারতকে মহান করতে চাইবেন—এটাই স্বাভাবিক। কিন্তু সেই সমীকরণে যেন আমাদের নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়।” চুক্তিটি বর্তমানে ‘ফিনিশিং লাইনে’ রয়েছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।