ছুটি চেয়ে চরম অবমাননা! প্যান্ট খুলে রেল কর্তাকে অপারেশনের ক্ষত দেখালেন লোকো পাইলট

রেলকর্মীদের কাজের চাপ এবং ছুটির আবেদন নিয়ে কর্তৃপক্ষের ‘অমানবিক’ আচরণের এক নজিরবিহীন ও লজ্জাজনক ছবি সামনে এল। উত্তরপ্রদেশের লখনউ চারবাগ রেলওয়ে স্টেশনে কর্মরত এক লোকো পাইলট, ছুটির সপক্ষে প্রমাণ দিতে দপ্তরের মধ্যেই প্যান্ট খুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজের অপারেশনের ক্ষতস্থান দেখাতে বাধ্য হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের অন্দরে চরম উত্তেজনা ছড়িয়েছে।

কী ঘটেছিল লখনউ স্টেশনে? জানা গিয়েছে, ওই মধ্যবয়সী লোকো পাইলট সম্প্রতি পাইলস বা অর্শের অস্ত্রোপচার করিয়েছিলেন। অপারেশনের জন্য তিনি কয়েক দিন ছুটিতেও ছিলেন। কিন্তু ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁর ক্ষত শুকোয়নি এবং প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ছিল। ফলে তিনি ছুটির মেয়াদ আরও কয়েক দিন বৃদ্ধির আবেদন জানান। অভিযোগ, রেল আধিকারিকরা তাঁর শারীরিক যন্ত্রণার কথা কানেই তোলেননি, উল্টে তাঁকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

মরিয়া প্রতিবাদ ও বিতর্ক: কর্তৃপক্ষের কাছে বারবার মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশন জমা দিলেও তাঁরা তা মানতে নারাজ ছিলেন। লোকো পাইলট ইউনিয়নের দাবি, আধিকারিকরা বারবার তাঁর অসুস্থতার ‘প্রমাণ’ চাইছিলেন। একপর্যায়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যন্ত্রণায় কাতর ওই পাইলট দপ্তরের মধ্যেই নিজের প্যান্ট খুলে ফেলেন এবং ক্ষতস্থান দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি সত্যিই অসুস্থ। এই দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

শাস্তি ও পরবর্তী পদক্ষেপ: ঘটনাটি জানাজানি হতেই লোকো পাইলট ইউনিয়ন তড়িঘড়ি হস্তক্ষেপ করে তাঁর ছুটি মঞ্জুর করায়। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই লোকো পাইলটকে গত ৩ মার্চ এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। যদিও ৪ মার্চ সেই সাসপেনশন তুলে নেওয়া হয়। রেলের এক শ্রেণির আধিকারিকের এমন অনমনীয় মনোভাব এবং একজন কর্মীকে এই পর্যায়ে হেনস্থা করার ঘটনায় সরব হয়েছেন অন্যান্য রেলকর্মীরাও।