ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! উড়ো ইমেলে উড়িয়ে দেওয়ার হুমকি, হুলুস্থুল তিলোত্তমায়

কলকাতার ঐতিহ্যের প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভয়াবহ বোমাতঙ্ক। শুক্রবার দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে, যেখানে এই পর্যটনকেন্দ্রটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ইমেল পাওয়ার পরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। খবর পাওয়া মাত্রই লালবাজারের বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে।
নিরাপত্তার চাদরে ভিক্টোরিয়া, চিরুনি তল্লাশি বম্ব স্কোয়াডের সাদা মার্বেলের এই স্থাপত্যের আনাচে-কানাচে এখন বম্ব স্কোয়াডের সদস্যরা মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছেন। পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি, তবুও কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন স্কুল, আদালত, পোস্ট অফিস এমনকি কসবা পাসপোর্ট অফিসেও একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। যদিও তদন্তে সেগুলি ‘হক্স’ বা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবুও ভিক্টোরিয়ার মতো জনবহুল স্থানে এই হুমকি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের কাছেই এই হুমকি, বাড়ছে উদ্বেগ এই বোমাতঙ্ক আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আজ দুপুর থেকেই ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় এবং ভিআইপি মুভমেন্টের মাঝেই এই ধরনের ইমেল শহরের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ইতিমধ্যেই এই ইমেলের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে। দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তার খাতিরে ভিক্টোরিয়া চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আপাতত গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে লালবাজার।