ভোট কি তবে পিছিয়ে যাবে? ৬০ লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে অবশেষে মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন কি সঠিক সময়ে হবে? নাকি ভোটার তালিকা নিয়ে জটিলতায় পিছিয়ে যাবে ভোট? এই প্রশ্ন যখন রাজ্যজুড়ে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। শুক্রবার বিধানসভায় রাজ্যসভার স্ক্রুটিনি প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ৬০ লক্ষ ভোটারের নাম ‘অমীমাংসিত’ থাকা নিয়ে তাঁর স্পষ্ট স্বীকারোক্তি— “এরকম পরিস্থিতি আগে কখনও দেখিনি।”
রাজ্যে ৭ মে-র মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন না হলে সাংবিধানিক সংকটের আশঙ্কা রয়েছে। এই আবহে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে সিইও সাফ জানান, তারিখ ঘোষণা করার ক্ষমতা তাঁর নেই। তিনি বলেন, “কমিশন আমার সঙ্গে আলোচনা করবে না। কমিশনের প্রতিনিধিরা চারটি রাজ্য ঘুরে এখানে আসছেন, তাঁরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” ভোটার তালিকায় ৬০ লক্ষ নাম অমীমাংসিত থাকা প্রসঙ্গে তাঁর মন্তব্য, এটি একটি ‘অভূতপূর্ব পরিস্থিতি’। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। মনোজ আগরওয়াল জানান, ৬০ লক্ষের মধ্যে মাত্র ৬ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, বাকিদের ক্ষেত্রে কী হবে তা একমাত্র জাতীয় নির্বাচন কমিশনই ঠিক করবে।
ভোটার তালিকায় এই বিশাল সংখ্যক নাম অমীমাংসিত থাকার পিছনে কোনো ‘ষড়যন্ত্র’ কাজ করছে কি না, সেই প্রশ্নের উত্তরে সিইও জানান, নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে কাজের চাপে কাউকে ‘ধরে ধরে শাস্তি’ দেওয়ার সময় তাঁদের হাতে নেই। শুনানিতে নথি দেওয়ার পরেও নাম কেন তালিকায় ওঠেনি, তা জানতে জেলা শাসকদের (DEO) কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। সব মিলিয়ে, সিইও-র এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, বাংলার ভোট-ভবিষ্যৎ এখন পুরোপুরি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর ঝুলে রয়েছে।