বিশ্বকাপ ফাইনালের টিকিট আছে? আমেদাবাদ যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ঘোষণা রেলের!

টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী! রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বজয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবদের এই হাই-ভোল্টেজ লড়াই গ্যালারিতে বসে চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। সমর্থকদের এই উন্মাদনা এবং যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে একজোড়া বিশেষ সুপারফাস্ট ট্রেনের ঘোষণা করল পশ্চিম রেল।
ফাইনালের মরসুমে বিমানের টিকিটের দাম যখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন রেলের এই সিদ্ধান্তে স্বস্তিতে আমজনতা। পশ্চিম রেল জানিয়েছে, মুম্বই সেন্ট্রাল ও আমেদাবাদের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। বিশেষ করে এসি সুপারফাস্ট ‘তেজস’ স্পেশাল (০৯০২৭/০৯০২৮) শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বই থেকে ছেড়ে রবিবার সকালে আমেদাবাদ পৌঁছাবে। আবার খেলা শেষে সোমবার ভোরে সেটি মুম্বইয়ের পথে রওনা দেবে। এই ট্রেনে ফার্স্ট এসি থেকে শুরু করে এসি থ্রি টিয়ার— সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
এখানেই শেষ নয়, আরও একজোড়া বিশেষ ট্রেন (০৯০২১/০৯০২২) রবিবার ভোরে মুম্বই থেকে রওনা দিয়ে দুপুরেই পৌঁছে যাবে খেলা শুরুর আগে। ফিরতি ট্রেনটি রবিবার রাতেই আবার মুম্বই ফিরবে। শনিবারের ট্রেনের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং রবিবারের ট্রেনের টিকিট মিলবে শনিবার থেকে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার কি পারবে ঘরের মাঠে কিউইদের হারিয়ে ট্রফি ধরে রাখতে? সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এখন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে।