মেট্রো চ্যানেলে হাইভোল্টেজ ধরনা! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘বাঙালি হঠাও’ অভিযানের অভিযোগ মমতার

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন (EC) এবং বিজেপি মিলে চক্রান্ত করে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। বিশেষ করে ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় বহু জীবন্ত মানুষকে ‘মৃত’ দেখিয়ে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো।

ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “নির্বাচন কমিশন যাঁদের মৃত বলে ঘোষণা করেছে, আমি তাঁদের এই প্রতিবাদস্থলে সশরীরে হাজির করব। বিজেপি আর নির্বাচন কমিশনের বাঙালি ভোটারদের ভোটাধিকার হরণের এই নির্লজ্জ ষড়যন্ত্র আমি মানুষের সামনে ফাঁস করে ছাড়ব।” মুখ্যমন্ত্রী আরও বলেন যে, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো রাজ্যের ভোটার বিন্যাস বদলে দিয়ে বিশেষ রাজনৈতিক ফায়দা তোলা। বিজেপিকে ‘বেহায় পার্টি’ এবং কমিশনকে তাঁদের ‘দালাল’ বলে তীব্র আক্রমণ শানান তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। শুক্রবারের এই ধরনা সেই আন্দোলনেরই চূড়ান্ত রূপ। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত নতুন তালিকা নিয়ে শাসক দলের এই তীব্র প্রতিবাদ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।