‘আগামীতে বিরোধী নেত্রী হবেন, তাই এখন থেকেই প্র্যাকটিস করছেন মমতা!’ বাগডোগরায় বিষ্ফোরক সুকান্ত

কলকাতার ধর্মতলায় যখন ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে টানটান উত্তেজনা, ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ‘ভবিষ্যতের প্রস্তুতি’ নিচ্ছেন। তাঁর কথায়, “আগামী দিনে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে হবে। তাই এখন থেকেই ধরনা দেওয়ার প্র্যাকটিস করে রাখছেন তিনি।”
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তাকে আমল দিতে নারাজ সুকান্ত। উল্টে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা ইস্তফা এবং নতুন রাজ্যপাল আর এন রবির নিয়োগ নিয়ে মমতার ক্ষোভের কড়া জবাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, নতুন রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর সঙ্গে কোনো আলোচনা করেনি। এর জবাবে সুকান্ত বলেন, “রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে, এমন বাধ্যবাধকতা ভারতের সংবিধানের কোথাও লেখা নেই।”
সুকান্ত মজুমদার আরও জানান, আনন্দ বোস ব্যক্তিগত অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন এবং আর এন রবির নিয়োগ একটি প্রশাসনিক প্রক্রিয়া। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক বাগযুদ্ধ প্রমাণ করছে যে, শাসক ও বিরোধী—উভয় পক্ষই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একদিকে মমতা যখন রাজপথে বসে কেন্দ্রীয় এজেন্সি ও কমিশনের বিরুদ্ধে সরব, অন্যদিকে বিজেপিও পাল্টা দাবি করছে যে বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।