বিজেপিকে ‘বেহায়া পার্টি’ তোপ! ধর্মতলায় মৃতদের ‘হাজির’ করে প্রমাণ দিলেন তৃণমূল নেত্রী

রাজ্যে লোকসভা নির্বাচনের বাদ্যি বাজার আগেই ধর্মতলায় হাইভোল্টেজ মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) ইস্যুতে এবং ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে শুক্রবার কলকাতার প্রাণকেন্দ্রে ধর্নায় বসেন তিনি। মঞ্চে উঠেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি দাবি করেন, ভোটার তালিকায় এমন বহু মানুষকে ‘মৃত’ দেখানো হয়েছে, যারা আদতে জীবিত।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার ঠিক ৪৮ ঘণ্টা আগে মমতার এই আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য বর্তমানে বিশ বাঁও জলে। তিনি বলেন, “লজ্জা রাখার আর জায়গা নেই। নির্বাচন কমিশন যাদের মৃত বলে ঘোষণা করেছে, তাদের মধ্যে ২২ জনকে আমি আজ এই মঞ্চে হাজির করব। তাঁরা এখানে বসে প্রমাণ দেবেন যে তাঁরা বেঁচে আছেন।” এমনকি রামকৃষ্ণ মিশনের এক প্রবীণ সন্ন্যাসীও মমতার মঞ্চে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে, দীর্ঘ ১৪ বছর মিনাখাঁ আশ্রমে থাকা সত্ত্বেও তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই লড়াই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। বিজেপিকে ‘বেহায়া পার্টি’ বলে কটাক্ষ করে তিনি জানান, এসআইআর-এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও তিনি এই আন্দোলনের শামিল করেছেন। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতা গিরিরাজ সিং পাল্টা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর দাবি, অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাতেই এই নাটক করছেন মমতা। সব মিলিয়ে কমিশনের সফরের আগেই রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।