ইডেনের সেই ইনিংসই কি সব বদলে দিল? সূর্যকুমারের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন সঞ্জুর বাবা

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের মহারণের আগে ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে সঞ্জু স্যামসন। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ৯৭ রানের ইনিংস সঞ্জুর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে এই সাফল্যের পেছনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের অবদান নিয়ে বড়সড় বয়ান দিলেন সঞ্জুর বাবা বিশ্বনাথন। যা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর চর্চা।

আসলে সুপার এইট পর্বে যখন সঞ্জুকে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন হাসির ছলে সূর্যকুমার বলেছিলেন, “কার জায়গায় খেলাব?” এই মন্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সূর্যকে লক্ষ্য করে প্রচুর সমালোচনা করেছিলেন সঞ্জু-ভক্তরা। কিন্তু ইডেনে সঞ্জুর অতিমানবীয় ইনিংসের পর সূর্যই প্রথম তাঁকে জড়িয়ে ধরেছিলেন। এবার সেই প্রসঙ্গ টেনেই সঞ্জুর বাবা বলেন, “সূর্যকুমারের কোনো ইগো নেই। ও দলের সবাইকে খুব ভালোবাসে। সূর্যকুমার আর গৌতম গম্ভীর আমার ছেলেকে যতটা সাপোর্ট করেছে, অতটা আগে কেউ করেনি। সূর্যও আমার কাছে আমার নিজের ছেলের মতোই।”

গম্ভীরের চোখে সঞ্জু: সঞ্জুর ব্যাটিং প্রতিভা নিয়ে উচ্ছ্বসিত কোচ গৌতম গম্ভীরও। তিনি মনে করেন, সঞ্জু পেশিশক্তির জোরে নয়, বরং নিখাদ ক্রিকেটীয় শটে ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান তোলার ক্ষমতা রাখেন। গম্ভীরের কথায়, “সঞ্জু বিশ্বমানের ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ছোট ইনিংসটাই ওকে আত্মবিশ্বাস দিয়েছিল। ও নেটে যেভাবে ব্যাটিং করছে, তা দেখে আমরা নিশ্চিত ছিলাম ও বড় রান পাবেই।”

সঞ্জু এবং ঈশান কিষাণ—দুজন আক্রমণাত্মক ব্যাটার হাতে থাকায় ভারতীয় দল এখন অনেক বেশি শক্তিশালী। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সঞ্জুর বাবার এই মন্তব্য ড্রেসিংরুমের পরিবেশকে যে আরও ইতিবাচক করে তুলবে, তাতে সন্দেহ নেই।