যুবভারতীতে এবার ‘ডগ-শো’! সাপ আতঙ্ক কাটতে না কাটতেই মাঠে ঢুকে পড়ল কুকুর, চরম বিভ্রাট আইএসএলে

যুবভারতী ক্রীড়াঙ্গন যেন এখন জীবজন্তুদের অবাধ বিচরণ ক্ষেত্র! এর আগে ম্যাচ চলাকালীন মাঠের ভিতর সাপ ঢুকে পড়ে আতঙ্ক ছড়িয়েছিল। এবার বৃহস্পতিবার আইএসএলে ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল একটি কুকুর। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে কুকুরটি মাঠের এদিক-ওদিক দাপিয়ে বেড়াল। যদিও সাপ ঢোকার মতো খেলা দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়নি, তবে খেলোয়াড় এবং দর্শকদের জন্য এই ঘটনা ছিল চূড়ান্ত বিস্ময় আর হাসির খোরাক।

মাঠে কুকুরটি দাপিয়ে বেড়ালেও ইস্টবেঙ্গলের খেলায় কিন্তু সেই দাপট খুঁজে পাওয়া গেল না। ১২,৮৫৩ জন দর্শক যুবভারতীতে হাজির হয়েছিলেন লাল-হলুদ ব্রিগেডের জয় দেখতে। কিন্তু কোচ অস্কার ব্রুজোঁর দলের খেলায় গোল করার সেই খিদে আজ নজরে আসেনি। ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল তাদের। অন্যদিকে এফসি গোয়া বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো যে গোল হজম করতে হয়নি।

ছন্দহীন লাল-হলুদ ব্রিগেড: আইএসএলের প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচে ছন্দ হারাল ইস্টবেঙ্গল। জামশেদপুরের কাছে হারের পর এবার ঘরের মাঠে ড্র। অস্কার ব্রুজোঁ হয়তো অজুহাত দেবেন যে রোজা রাখার কারণে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু সমর্থকদের কাছে এই পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। প্রথম দুই ম্যাচে ৪ গোল করা ইউসেফ এজেজারি এদিনও ছিলেন ছায়া হয়ে। বিপিনের ক্রস থেকে সহজতম সুযোগ নষ্ট করেন তিনি। অন্যদিকে মিগুয়েল বল বেশিক্ষণ পায়ে রাখতে গিয়ে খেলার স্বাভাবিক গতি নষ্ট করে ফেললেন। সব মিলিয়ে মাঠের কুকুর যতটা গতি দেখাল, ইস্টবেঙ্গলের ফুটবলারদের পায়ে তার সিকিভাগও দেখা গেল না।