টি-২০ বিশ্বকাপের মাঝেই বিয়ের পিঁড়িতে অর্জুন তেন্ডুলকর, ওয়াংখেড়েতে যুদ্ধের আগে সচিনের প্রাসাদে ‘চাঁদের হাট’

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ! একদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, অন্যদিকে ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের সানাই। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্রিটিশ বধের পরিকল্পনার মাঝেই এক টুকরো উৎসবের মেজাজ ধরা পড়ল ভারতীয় শিবিরে। সচিন-পুত্র অর্জুন ও সানিয়া চন্দোকের পরিণয় উপলক্ষ্যে মুম্বইয়ে আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে হাজির হলেন স্বয়ং টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।

মুম্বইয়ের যে বিলাসবহুল হোটেলে সূর্যকুমাররা উঠেছেন, সেখানেই আয়োজন করা হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। যাতে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই সচিন ও অঞ্জলি তেন্ডুলকর এই ব্যবস্থা করেছিলেন। সাদা পাজামা-পাঞ্জাবিতে আভিজাত্য বজায় রেখে স্ত্রী নাতাশাকে নিয়ে হাজির হন গম্ভীর। গম্ভীরের উপস্থিতিতে সেখানে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়, বিশেষ করে যখন তাঁর দেখা হয় বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। বিগ বি-র সঙ্গে গম্ভীরের সেই খোশমেজাজের কথোপকথনের মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।

একই ছাদের তলায় ২০১১-র বিশ্বজয়ী দল: সচিন তেন্ডুলকরের বিশেষ আমন্ত্রণে অর্জুনের বিয়েতে দেখা গেল ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যদের। যুবরাজ সিং, হরভজন সিং থেকে শুরু করে আশিস নেহরা—সকলেই হাজির ছিলেন তাঁদের প্রিয় ‘পাজি’-র ছেলের শুভ পরিণয়ে। কেবল ক্রিকেট দুনিয়া নয়, বিনোদন ও শিল্প জগতের রথী-মহারথীরাও এদিন ভিড় করেছিলেন। মুকেশ অম্বানি থেকে শুরু করে আমির খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং শ্রেয়স আইয়ারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক কথায় নক্ষত্রখচিত।

মাঠে ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ লড়াইয়ের চাপ থাকলেও, সচিনের আতিথেয়তায় ভারতীয় শিবিরকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল। ক্রিকেট প্রেমীদের আশা, বিয়ের এই আনন্দ আর ইতিবাচক শক্তি মাঠেও সূর্যকুমারদের ভালো পারফরম্যান্স করতে সাহায্য করবে এবং ভারত টানা দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে।