নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক! পণ্য রফতানিতে ওড়িশা-বিহারকে পিছনে ফেলে পূর্ব ভারতে সেরা বাংলা

বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই রাজ্যের শাসকদলের জন্য এল বড়সড় এক সুখবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য রফতানির নিরিখে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে এক নম্বর স্থান দখল করে নিল পশ্চিমবঙ্গ। যেখানে প্রতিবেশী ওড়িশা বা বিহারের মতো রাজ্যে রফতানির গ্রাফ নিম্নমুখী, সেখানে বাংলার পণ্য রফতানি ও পরিবহণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১১ শতাংশ।

পরিসংখ্যানে বাংলার জয়জয়কার: কেন্দ্রীয় তথ্য বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে মোট পণ্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওড়িশার রফতানি কমেছে প্রায় ১৩.৫ শতাংশ (৮৫,০০০ কোটি টাকা)। পিছিয়ে রয়েছে বিহার ও ঝাড়খণ্ডও। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলার এই সাফল্যের মূল কারণ হলো এর বৈচিত্র্যময় পণ্য সম্ভার। কেবল খনিজ সম্পদ নয়, বরং কৃষি পণ্য, চাল, দার্জিলিং চা, সামুদ্রিক খাবার এবং হস্তশিল্পের রফতানিতে রাজ্য নজিরবিহীন উন্নতি করেছে।

অর্থনীতির আমূল বদল: রাজ্য সরকারের দাবি, বিরোধীরা রাজ্যে শিল্প নেই বলে যে অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের এই তথ্যই তাকে নস্যাৎ করে দিচ্ছে। কৃষিজ পণ্যের পাশাপাশি বাঁকুড়ার টেরাকোটা, ডোকরা শিল্প এবং চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বাংলার অর্থনীতিকে এক মজবুত ভিতের ওপর দাঁড় করিয়েছে। ভোটপ্রচারের ময়দানে এই পরিসংখ্যান যে শাসকদলের কাছে বড় হাতিয়ার হতে চলেছে, তা বলাই বাহুল্য।