ধ্বংসস্তূপেই আয়ের সুযোগ! মধ্যপ্রাচ্য সংকটে ভারত তথা বিশ্বের কোন শেয়ারগুলি এখন ‘ হট ফেভারিট’?

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যখন বিশ্ব অর্থনীতিতে আতঙ্কের মেঘ ঘনীভূত করছে, তখনই ভারতীয় শেয়ার বাজারের কিছু নির্দিষ্ট সেক্টরে বইছে লাভের জোয়ার। যেখানে সপ্তাহের শুরুতে সেনসেক্স এক ধাক্কায় ১৫০০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ‘কালো সোমবার’-এর স্মৃতি ফিরিয়ে এনেছে, সেখানে এল অ্যান্ড টি (L&T) বা হ্যাল (HAL)-এর মতো শেয়ারগুলি বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে।
কেন বাড়ছে এই শেয়ারগুলি? ১. নির্মাণ ও পরিকাঠামো: যুদ্ধের ধ্বংসলীলায় মধ্যপ্রাচ্যের বহু ইমারত ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনে এই দেশগুলি পুনর্নির্মাণের কাজে ভারতীয় সংস্থা Larsen & Toubro (L&T)-র ওপর বড় ভরসা রাখবে। কারণ, আরবের দেশগুলিতে এল অ্যান্ড টি-র বিশাল কর্মযজ্ঞ আগে থেকেই চলছে। ২. প্রতিরক্ষা (Defense): যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা। ফলে HAL, BEL, কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেনরিচ-এর মতো প্রতিরক্ষা খাতের শেয়ারগুলির গ্রাফ এখন উর্ধ্বমুখী। ৩. ফার্মা ও জ্বালানি: যুদ্ধের বাজারে ওষুধের চাহিদা মেটাতে অজন্তা ফার্মা, সিপলা এবং বায়োকন-এর মতো সংস্থাগুলি আয়ের নয়া উৎস খুঁজে পেয়েছে। পাশাপাশি থার্মেক্স (Thermax)-এর মতো এনার্জি সলিউশন সংস্থাগুলিও রয়েছে বিনিয়োগকারীদের রাডারে।
সোনার জেল্লা: শেয়ার বাজারের অনিশ্চয়তার দিনে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন সোনা। ফলে এসবিআই গোল্ড ফান্ডের মতো সম্পদগুলি একদিনেই প্রায় ৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকটের সময়ে সেক্টরভিত্তিক বিনিয়োগই হতে পারে পকেট ভরানোর সেরা উপায়।