তেল সংকটে স্তব্ধ রিফাইনারি! MRPL-এর শোধনাগার বন্ধের খবর, দেশে কি তবে জ্বালানির হাহাকার?

মধ্যপ্রাচ্যের ইরান-ইজরায়েল যুদ্ধের দাপট এবার আছড়ে পড়ল ভারতের জ্বালানি সেক্টরে। সূত্রের খবর, অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড (MRPL) তাদের শোধনাগারের কাজ বন্ধ করে দিয়েছে। যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে তেলের চাহিদা মেটানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
হরমুজ সংকটে বিপাকে ভারত: ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের লেনদেন ব্যাহত হয়েছে। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৮৫ শতাংশ আমদানি করে, যার অর্ধেকই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরব, কুয়েত এবং ইরাক থেকে তেল আসার পথ রুদ্ধ হওয়ায় MRPL-এর মতো বড় সংস্থাগুলি কাঁচামালের অভাবে ধুঁকছে। উল্লেখ্য, এই শোধনাগারে দৈনিক ৩ লক্ষ ব্যারেল তেল শোধন করা সম্ভব ছিল।
জ্বলছে তেলের দাম: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই লাগামছাড়া। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৩ ডলার ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ব্যারেল প্রতি দাম ১ ডলার বাড়লে ভারতের আমদানি খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা বেড়ে যায়। এই পরিস্থিতিতে রিফাইনারি বন্ধ হওয়ার খবর সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।